ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

ads

একসময় নাটক ও চলচ্চিত্রে দর্শকপ্রিয় মুখ ছিলেন হাসান মাসুদ। ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ কিংবা ‘ব্যাচেলর’— প্রতিটি কাজেই অনন্য অভিনয়ে জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। তবে অনেক দিন হলো, পর্দায় দেখা যায় না এই গুণী অভিনেতাকে।সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ জানালেন, তিনি এখন অভিনয় নয়, খুঁজছেন একটি চাকরি। তার ভাষায়, ‘আমি এখন একটা জব খুঁজছি। একটা ভালো জব পেলেই ঢুকে যাবো। সেটা সাংবাদিকতা, অ্যাডমিনিস্ট্রেশন—যে ক্ষেত্রেই হোক না কেন। চেষ্টা করছি, তারপর হয়তো একেবারেই হারিয়ে যাবো।’


অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। বরং ইঙ্গিত দিয়েছেন পুরনো পেশা সাংবাদিকতায় ফেরার। জানান, ‘সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি ভালো কোনো অফার পাই।দর্শকদের উদ্দেশে এই অভিনেতা বলেন, ‘দর্শকদের কাছে আমার শুধু একটাই অনুরোধ—আপনারা সবসময় সৎ থাকবেন, সত্য বলবেন। এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে—পরকীয়ার দিকে ঝোঁক। এটা থেকে বিরত থাকুন। তাহলেই জীবন শান্তি ও সুখে ভরে উঠবে।’


১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থেকে অবসর নেওয়ার পর শুরু করেন ক্রীড়া সাংবাদিকতা। পরে বিবিসি বাংলায় দীর্ঘ চার বছর কাজ করেন। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি।দীর্ঘ অভিনয়জীবনে হাসান মাসুদ দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও চরিত্র। তবে এবার মনে হচ্ছে, অভিনয়ের পর্দা নামিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই প্রিয় মুখ।

ads
ads
ads

Our Facebook Page